ডেস্ক রিপোর্ট

৩১ অক্টোবর ২০২১, ৬:৩১ অপরাহ্ণ

ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র ঐক্য প্রস্তুতি কমিটি গঠন

আপডেট টাইম : অক্টোবর ৩১, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) পার্টি-দ্বয়ের ঐক্যের লক্ষ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনি ও রবিবার (৩০ ও ৩১ অক্টোবর) যশোরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-র কার্যালয়ে কমরেড অনিল বিশ্বাসের সভাপতিত্বে এই দুই পার্টির ঐক্যের লক্ষ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড মোশাররফ হোসেন নান্নু, কমরেড আবদুস সাত্তার, কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়, কমরেড তুষার কান্তি দাস, কমরেড নাজিম উদ্দীন, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড শামীম ইমাম ও কমরেড নজরুল ইসলাম।

সভায় বিদ্যমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির লড়াই সংগ্রাম গড়ে তোলার জন্য মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে কমিউনিস্ট পার্টি ও গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ করা আজ একান্ত কর্তব্য বলে নেতৃবৃন্দ মনে করেন। সেই লক্ষ্যে দুই পার্টি ঐক্যবদ্ধ করে একটি পার্টি গঠনের লক্ষ্যে বমরেড ইকবাল কবির জাহিদ ও কমরেড মোশাররফ হোসেন নান্নুকে যুগ্ম আহবায়ক করে ১০ সদস্যের ঐক্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সেই লক্ষ্যে দুই পার্টির কেন্দ্র, জেলা, স্থানীয় পর্যায়ে যৌথ ও সমন্বিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

সভায় অপর এক প্রস্তাবে সম্প্রতি সংঘঠিত শারদীয় দুর্গা উৎসবে সাম্প্রদায়িক সন্ত্রাসের তীব্র নিন্দা এবং ঘটনার সময় প্রসাশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কর্মসূচি:
দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন; সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবীতে আগামী ১৩ নভেম্বর ২০২১ শনিবার দেশব্যাপী দুই পার্টির যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন