ডেস্ক রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ৭:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: দেশব্যাপী অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ও জড়িতদেরকে গ্রেফতার ও বিচার সহ ৬ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার, ১৯শে অক্টোবর দুপুর ১২ টায় মধুর ক্যান্টিন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ডাকসু ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুক্তা বাড়ৈ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায় প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, গত এক সপ্তাহ ধরে অব্যাহত ভাবে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি ঘরে আগুন, মন্দির মণ্ডপ ভাঙচুর চলছে। সরকার যেকোন প্রকার গণতান্ত্রিক আন্দোলন ঠেকাতে এক মুহুর্তে তার পুলিশ, গোয়েন্দা, সরকারি ছাত্র সংগঠনের নামে লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ, যুবলীগকে মাঠে নামিয়ে আন্দোলন দমন করতে সিদ্ধ হস্ত, অথচ গত এক সপ্তাহ ধরে এই হামলা সরকার ঠেকাতে পারছে না। কারণ এই হামলা ঠেকানোর সাংগঠনিক, আদর্শিক ক্ষমতা ও ইচ্ছা সরকারের নেই। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে পেলে পুষে বড় করে মানুষের ধর্মকে কাজে লাগিয়ে নিজেদের অবৈধ ক্ষমতার মসনোদকে দখল করে রাখতে চায়। এই কারণেই সরকার হেফাজতের সাথে আতাত করে, তাদের কাছ থেকে কওমি জননী উপাধি নেয়, পাঠ্যপুস্তক থেকে অমুসলিম লেখকদের লেখা তুলে দেয়।
নেতৃবৃন্দ আরও বলেন, এই সরকারের ১২ বছরের শাসনামলে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বহুবার। অথচ তার একটি ঘটনারও বিচারের নজির নেই। এর কারণ এই হামলাগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ জড়িত।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার যদি এই হামলার বিচার করতে না পারে, তাহলে সরকারের মুক্তিযুদ্ধের চেতনার কথা, অসপ্রদায়িকতার চেতনার কথা বলে গদিতে থাকার আর দরকার নেই। এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
নেতৃবৃন্দ দেশের ছাত্র সমাজকে অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।