ডেস্ক রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১১:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সরকার কোনো ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করছে না, যারা দুষ্কৃতকারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস করছে তাদেরকে গ্রেপ্তার করছে। এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২০ এপ্রিল) এক্সেস টু ইনফরমেশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় এসব মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, যেসব দুষ্কৃতকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার স্টেশন-রেলস্টেশনে হামলা করে ক্ষতি করেছে এবং যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেপ্তার করছে।
তিনি আরো বলেন, কোন ভালো আলেম এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেপ্তার করছে।
মন্ত্রী আরো জানান, বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে। অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদের নিয়ে বিএনপি রাজনীতি করে। মামুনুল হক যেভাবে রাসুল (সা.)-কে ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করতো, হেফাজতের নেতারা সারা দেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন। আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মেলাতেন।