ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ অপরাহ্ণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ দাবি

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১, ২০২১ ১১:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: নারায়নগঞ্জের রুপগঞ্জের সজীব গ্রুপের হাসেম ফুডস’র সেজান জুস কারখানায় গত ৮ জুলাই অগ্নিকান্ডে কাঠামোগত হত্যাকান্ডের শিকার কমপক্ষে ৫২ জন শ্রমিকের মৃত্যুর জন্য দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থদের আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ নিশ্চিত করা সহ ৫ দফা দাবীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়া জেলা স্কপের উদ্যোগে আজ শনিবার বেলা ১১.০০ টায় বগুড়া সাতমাথায় জেলা আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং স্কপের জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুলের সঞ্চালনায় শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন স্কপের কেন্দ্রীয় নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়ার সভাপতি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলার সহঃ সাধারণ সম্পাদক রেজাউল করিম খান, জাতীয় শ্রমিক জোট জেলার সহ-সভাপতি আব্দুল মোমিন মন্ডল, ট্রেড ইউনিয়ন সংঘের জেলার কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি। আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জিন্নাতুল ইসলাম জিন্নাহ্, লিটন শেখ বাঘা, মাসুদ পারভেজ, এনামুল হক বাবলু প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পর্যবেক্ষণে সেজান জুস কারখানায় নানা গুরুতর অসঙ্গতি দৃশ্যমান হয়েছে যার দায় মালিকপক্ষ, অগ্নিনির্বাপন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রশাসন, শ্রম দপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কোনভাবেই এড়াতে পারে না। ফলে দায়িত্বে অবহেলা, শ্রম আইন তোয়াক্কা না করা অগ্নিকান্ড ও দূর্ঘটনা প্রতিরোধে সতর্কমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এবং কারখানায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা না হলে দূর্ঘটনার নামে শ্রমিকদের মৃত্যু ঘটতেই থাকবে। তাই কেন্দ্রীয় কমিটির ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকপক্ষের প্রতি জোর দাবী জানান।

দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১১.০০ টায় জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম মন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশের কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।

শেয়ার করুন