ডেস্ক রিপোর্ট

৩১ আগস্ট ২০২১, ১:০৩ অপরাহ্ণ

মমেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ৩১, ২০২১ ১:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৪ জন, জামালপুরের ২ জন এবং নেত্রকোনার একজন রয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী এবং ৪ জন পুরুষ।

চলতি আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৪ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) ও গৌরাঙ্গ (৭০)।

এছাড়াও ময়মনসিংহ গৌরীপুর উপজেলার আক্তার উদ্দিন (৮০), ভালুকা উপজেলার আসমা আক্তার (৪২), জামালপুর ইসলামপুর উপজেলার মমতা বেগম (৫৫) এবং সরিষাবাড়ি উপজেলার আবুল হোসেন (৬৫) নেত্রকোনা কেন্দুয়া উপজেলার পান্না আক্তার (৪০) করোনা উপসর্গে মারা যান।

ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৫ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ১৯ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭১৩ জন।

শেয়ার করুন