ডেস্ক রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ৭:০৯ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: চট্রগ্রামের বাশঁখালিতে এস আলম গ্রুপের নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ ও সন্ত্রাসীদের নির্বিচারে গুলি চালিয়ে ৫ জন শ্রমিক হত্যা ও শতাধিক শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন – সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয় এবং গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক ফাহিম আহমদ চৌধুরী।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, জীবিকার তাগিদে কর্মরত শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, ইফতারের আগে বিরতি, ব্যবহারযোগ্য শৌচাগার নির্মান সহ ঈদের আগে বোনাসের দাবিতে কতৃপক্ষের কাছে দাবি পেশ করেন। কিন্তু শ্রমিকদের কোন দাবির প্রতি তোয়াক্কা না করে শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে হত্যা এবং শতাধিক শ্রমিককে আহত করে। বাঁশখালীতে ৫ বছর আগে ২০১৬ সালেও প্রাণ, প্রকৃতি ধ্বংসকারী কয়লা ভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মানের প্রতিবাদে আন্দোলনররত গ্রামবাসীর উপর পুলিশের গুলিতে ৪ জন জীবন দিয়েছিল। আজ আবার ও একই ঘটনার পুনরাবৃত্তি হলো।
বক্তারা বলেন, সরকার ও মাফিয়ারা আজ একজোট। তাই মালিক শ্রেণীর একচেটিয়া মুনাফার স্বার্থ রক্ষাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তার আশ্রিত মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলাই শ্রমিকশ্রেণির কাছে একমাত্র বিকল্প। বক্তারা অবিলম্বে এই হত্যা কান্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরন প্রদান করার দাবি জানান।