ডেস্ক রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: বিশেষ ব্যবস্থায় টিকা দিয়ে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বগুড়ায় ‘অনলাইন নয়, রাজপথই হোক ক্লাস’ স্লোগানে প্রতিবাদী ক্লাস এর আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ রোববার (২২ আগস্ট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার সাতমাথায় সকাল সাড়ে ১১ টায় এই প্রতিবাদী ক্লাস এর আয়োজন করা হয়।
জেলা কাউন্সিল প্রস্তুতির আহ্বায়ক নিয়তি সরকার নিতুর সভাপতিত্বে জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচীব সাইফুল ইসলাম সৌরভের সঞ্চালনায় প্রতিবাদী ক্লাস নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ জেলা সদস্য সচীব সাইফুজ্জামান টুটুল।
প্রতিবাদী ক্লাসে নেতৃবৃন্দ বলেন, দেশে করোনা মহামারী চলছে। লকডাউন, টিকা কার্যক্রম ধীরগতিতে চলছে। এ অবস্থাতেও দেশের সব শিল্পকারখানা চলছে, ব্যবসা, দোকান, বাস, লঞ্চ চলাচল করছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ২ বছর থেকে বন্ধ রয়েছে। শিক্ষা জীবন থেকে অসংখ্য শিক্ষার্থী ঝরে পড়ছে।শিক্ষার্থীদের মনোযোগ বইয়ের পাতায় নেই, শিশোর গ্যাং,পাপজী, ফ্রী ফায়ার গেইমে যুক্ত । অসংখ্য শিক্ষার্থী তাদের চাকরীর বয়স হেরেছে। শিক্ষাজীবন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বাল্য বিবাহ বেড়েছে। ফলে ভবিষ্যত জাতি অন্ধকারময়। নাম মাত্র আয়োজন ছাড়াই অনলাইনে ক্লাসের ঘোষণা দিলেও সেখানে উপস্থিতির সংখ্যা খুব কম। শিক্ষকদের ক্লাস করানোর কোনো প্রশিক্ষণ ব্যবস্থা নেই। সেই সাথে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোন, এমবি, নেটওয়ার্ক সমস্যায় অনলাইন ক্লাসের বাইরে অবস্থান করছে। করোনায় বেকার সংখ্যা বেড়েছে। পরিবারের আয় কমেছে।
নেতৃবৃন্দ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যখন বন্ধ, জীবন নির্বাহ যখন হুমকির মুখে তখনো শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি নেয়া বন্ধ হয়নি। এক্ষেত্রে সরকারি অার্থিক কোনো প্রণোদনা চোখে পড়েনি।ফলে শিক্ষা জীবন ও শিক্ষার্থী পরিবার আজ দুর্দিনে কাটছে। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে নানা পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও মাত্র ১৪ টি দেশের মধ্যে সবথেকে বেশি পিছিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বাংলাদেশে।
নেতৃবৃন্দ, বিশেষ ব্যবস্থায় টিকা দিয়ে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবী জানান।