ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ

গাইবান্ধায় হেরোইন পাচারের দায়ে বাস সুপারভাইজারের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : আগস্ট ১৭, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধায় হেরোইন পাচারের দায়ে পারভেজ নামের বাস সুপারভাইজারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

মাদকদ্রব্যের মামলায় পারভেজকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ নভেম্বর দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ঘোড়াঘাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই বাসের সুপারভাইজার মো. পারভেজের ব্যাগ থেকে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-১৩ গাইবান্ধার ডি.এ.ডি. মো. জাহিদ হোসেন ৪ জনকে আসামি করে পরদিন গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।

রায়ে অপর তিন আসামি মো. আফাজ উদ্দিন, মো. দুদু মিয়া ও মো. সাইদুল ইসলামকে বেকসুর খালাস দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. ফারুক আহম্মেদ প্রিন্স।

আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

 

শেয়ার করুন