ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২১, ৬:০৩ অপরাহ্ণ

যশোরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ১৬, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে শৌচাগারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৫৫) ও তাঁর ছেলে সাগর দাস (২৭)।

ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে আসেন শ্রমিক মধু দাস। ট্যাঙ্কিতে নামার পর মধুর কোনো সাড়া না পাওয়ায় তার ছেলে সাগর দাসকে খবর দেয়া হয়। পরে সাগর এসেও সেপটিক ট্যাঙ্কিতে নেমে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তারও কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে যশোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে সেপটিক ট্যাঙ্ক থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ট্যাঙ্কিতে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ জানান, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন