ডেস্ক রিপোর্ট

৭ আগস্ট ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ

পরীমণির শিল্পী সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত

আপডেট টাইম : আগস্ট ৭, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মাদক মামলায় গ্রেপ্তারের পর পরীমণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি। পরীমণির কারণে চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সমিতির সভাপতি মিশা সওদাগর।

শনিবার এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা বলেন, “পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। তার বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করলাম।”

তিনি বলেন, “আজ কেবিনেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সব সদস্যদের মতামত নেওয়া হয়েছে।”

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমণির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

পরীমণির মামলাটির তদন্তভার প্রথমে ডিবিতে ও পরে শুক্রবার সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন পরীমণি। এরপর তিনি প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিশ্বসুন্দরী’।

শেয়ার করুন