ডেস্ক রিপোর্ট

৪ আগস্ট ২০২১, ৪:১৯ অপরাহ্ণ

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাবেন যারা

আপডেট টাইম : আগস্ট ৪, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এবার সাতটি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

৫ আগস্ট বেলা ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোনীতদের মাঝে পুরস্কার প্রদান করবেন।

বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানান, পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে।

প্রথমবারের মতো প্রবর্তিত এই পুরস্কারে উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এ ছাড়া, ক্রীড়াবিদ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন দেশসেরা আর্চার রোমান সানা। আজীবন সম্মাননা দেওয়া হবে সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য মনোনীতদের নাম—

আজীবন সম্মাননা: কাজী মো. সালাউদ্দিন

ক্রীড়াবিদ: মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আর্চারি) ও মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন)

উদীয়মান ক্রীড়াবিদ: আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান (দাবা), উন্নতি খাতুন (ফুটবল)

ক্রীড়া সংগঠক: মনজুর কাদের (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) ও ক্য শৈ ল হ্ন (কারাতে ফেডারেশন)

ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রীড়া সাংবাদিক: মুহাম্মদ কামরুজ্জামান।

শেয়ার করুন