ডেস্ক রিপোর্ট
৩ আগস্ট ২০২১, ৪:১৩ অপরাহ্ণ
বরিশাল প্রতিনিধি:: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের অক্সিজেন সংকট নিরসন ও নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাসদ।
আজ মঙ্গলবার (০৩ আগস্ট ২০২১)শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটের সামনে সকাল ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলার উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারন সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সদস্য রিতা ব্যাপারি, ভুক্তভোগী রোগীর স্বজন দেবাশীষ, কামাল হোসেন, আবু বক্কর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রুগীদের হাহাকার চলছে। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, ১টি সিলিন্ডার পাওয়ার জন্য রুগীদের ৬-৭ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের এই সংকট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে বলে বক্তারা জানান।
বক্তারা অবিলম্বে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট চালুর মাধ্যমে করোনা ইউনিটে ভর্তি সকল রোগীদের জন্য বিনামূল্যে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি পর্যাপ্ত ডাক্তার, নার্সসহ জনবল নিয়োগ করে চিকিৎসাসেবার মান বৃদ্ধি ও হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতার নিশ্চিত করার দাবি জানান।
নেতৃবৃন্দ, মানুষের জীবন বাঁচাতে শেবাচিমে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত না করলে বক্তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শেবাচিম হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।