ডেস্ক রিপোর্ট
২ আগস্ট ২০২১, ১১:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশি সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাসের জন্মদিন ছিল প্রহেলা আগষ্ট । করোনা পরিস্থিতির কারণে এবার জন্মদিনে ঢাকার বাসায় একা কেটেছে জনপ্রিয় এই চিত্রনায়িকার। তবে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন গুণী এই অভিনয় শিল্পী ।
বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাসের জন্ম ষাটের দশকের শেষ দিকে সিরাজগঞ্জে মামার বাড়িতে। বাবা যাত্রাশিল্পের নটরাজ বলে খ্যাত প্রয়াত অমলেন্দু বিশ্বাস। মা জ্যোৎস্না বিশ্বাসও যাত্রাশিল্পের নিবেদিতপ্রাণ অভিনয়শিল্পী। ১৯৮৩ সালে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত ভারতেশ্বরী হোমস থেকে এসএসসি পাস করেন অরুণা বিশ্বাস। এরপর ঢাকার বদরুন্নেসা কলেজ থেকে এইচএসসি ও ইডেন কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন। পরে কানাডার অক্সফোর্ড কলেজ থেকে ফার্মাসিউটিক্যালস টেকনোলজির ওপর ডিপ্লোমা করেন তিনি।
১৯৮৬ সালে নায়ক রাজ রাজ্জাক প্রযোজিত পরিচালিত “চাঁপা ডাঙ্গার বউ” ছবিতে রাজ্জাক তনয়বাপ্পারাজের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে নায়িকা হিসেবেআত্মপ্রকাশ ঘটে। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে ‘বহুবচন’ নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেন তিনি। অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘পরশপাথর’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘মায়ের কান্না’, ‘গণ আন্দোলন’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।

অরুণা বিশ্বাসের একমাত্র ছেলে আদিত্য শুদ্ধবর্তমানে কানাডায় পড়াশোনা করছে। কানাডার টরন্টোর ড্যানফোর্থ অ্যাভিনিউতে অরুণা বিশ্বাসের পরিবারের সদস্যরা বাস করছেন ২৩ বছর ধরে। তারা সবাই কানাডার নাগরিক। ছেলে আদিত্য শুদ্ধ পড়াশোনার পাশাপাশি কানাডায়মিউজিক নিয়েও কাজ করছে।
অরুণা বিশ্বাস তার এবারের জন্মদিন সম্পর্কে বলেন, দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে জন্মদিনেঘরবন্দী হয়ে বাসাতেই কেটেছে। বন্ধু বান্ধব, সহকর্মী, আত্মীয় – স্বজন অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
আগামী নভেম্বরে সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক অরুণা বিশ্বাস। সরকারি অনুদানে তৈরি হতে যাওয়া এই ছবির নাম ‘অসম্ভব’। খুব শিগগির এই ছবির অভিনয়শিল্পী চূড়ান্ত হবে বলে জানান অরুণা বিশ্বাস।