ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২১, ১১:১০ অপরাহ্ণ

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির ২ চালককে দায়ী করেছে তদন্ত কমিটি

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২১ ১১:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি শাহজালালের ধাক্কা লাগার ঘটনায় দুই চালককে দায়ী করা করেছে তদন্ত কমিটি। প্রতিবেদনে মাস্টার ও সুকানিকে দায়ী করা হয়।

রবিবার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, রবিবার দুপুরে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। দুর্ঘটনার জন্য ফেরির দুই চালককে দায়ী করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ২৯টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহ জালাল নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে আঘাত করে। এ সময় ফেরিতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

ওই দিনই বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ফেরিতে কর্মরত ছয়জনের বক্তব্য নেন। পরে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলার পরিদর্শন করে খসড়া প্রতিবেদন তৈরি করে।

কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান বলেন, আমরা চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। ফেরির মাস্টার আব্দুর রহমান ও সুকানি সাইফুল ইসলামকে এ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তাদের অসতর্কতা ও অদক্ষতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে জানিয়ে আশিকুজ্জামান বলেন, বর্ষার সময় এখানে প্রচণ্ড স্রোত থাকে তাই এই সময়ে দুর্বল ফেরিগুলো এ রুটে ব্যবহার না করার জন্য বলা হয়েছে। পদ্মা সেতু যেহেতু জাতীয় সম্পদ এ সম্পদ রক্ষার জন্য শিমুলিয়া-বাংলাবাজার ফেরি সার্ভিসের রুটটি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ জন্য বাংলাবাজার ঘাটটি স্থানান্তর করে মাঝিরকান্দি নিয়ে আসা অথবা শিমুলিয়া ঘাটটি স্থানান্তর করে পুরোনো মাওয়া ঘাটে নিয়ে যাওয়া এবং সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল না করার সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, সেতুর নিচ দিয়ে প্রতিদিন এখানে ফেরির ১০০টির মতো ট্রিপ হয়। সে হিসেবে মাসে হয় ৩ হাজার ট্রিপ। এর মধ্যে কোনো কারণে একটি দুর্ঘটনা ঘটতেই পারে। এ জন্য এ সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতুর পিলারগুলোতে পাইলক্যাপ করা আছে, তারপরও পিলারের চারপাশ রাবারের পেন্ডার বা রাবার দিয়ে মুড়িয়ে দেয়ার সুপারিশ করা হয়েছে। যদি কোনো কারণে কোনো নৌযানের সঙ্গে ধাক্কাও লাগে তবে ধাক্কাটা কম লাগবে। পিলার ক্ষতিগ্রস্ত হবে না।

গত শুক্রবার সকাল ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। ঘটনার পরই ফেরি শাহ জালালের চালক আব্দুর রহমান বরখাস্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের শিবচর থানায় ওই দিন রাতে পিলারে ধাক্কার ঘটনায় সাধারণ ডায়েরি করেন। এরপর শিমুলিয়া ঘাটে নোঙ্গর করা ফেরি শাহ জালাল থেকে পুলিশ তাকে আটক করে শিবচর থানায় নিয়ে যায়।

শেয়ার করুন