ডেস্ক রিপোর্ট

১৯ জুলাই ২০২১, ৯:৩১ অপরাহ্ণ

এক অনন্য মানুষ চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত

আপডেট টাইম : জুলাই ১৯, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

এ. কে. শেরাম:: 

সত্তর দশকের শেষ দিকে আমার কর্মজীবন শুরু হয় সিলেটে, সোনালী ব্যাংকে। এই প্রতিষ্ঠানে সহকর্মী কারও বিদায়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন এবং হাতে লেখা মানপত্র দেওয়ার রেওয়াজটা আমিই চালু করি। মানপত্র রচনার দায়িত্বও ছিল আমার। আর সেটাকে শৈল্পিক হস্তরেখায় শোভন-সৌন্দর্যের এক দর্শনীয় মানপত্রে রূপান্তর করার দায়িত্ব নিতেন শিল্পী অরবিন্দ দাশগুপ্ত। বলা বাহুল্য, তখনও সিলেটে কম্পিউটার বিপ্লব শুরু হয়নি।

বয়সে তিনি আমার চেয়ে কয়েক বছরের বড় ছিলেন। দাদা ডাকতাম, অরবিন্দদা। তাঁর ছোটভাই নারায়ণ গুপ্ত ছিলেন আমাদের জুনিয়র এক সহকর্মী। তখন সিলেটে চিত্রশিল্পী বলতে একজনকেই জানতাম, অরবিন্দদা। অবশ্য সত্তর দশকের প্রথম দিকে সিলেটে এসে আরও একজন চিত্রশিল্পীকে আমি পেয়েছিলাম। তিনি সাগর সিংহ। সাগরদা কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। ধোপাদিঘির উত্তর পাড়ে তাঁর দোকান ছিল। আমি প্রায় সময়ই সাগরদার দোকানে গিয়ে আড্ডা দিতাম। পোর্ট্রেট অঙ্কনে সাগরদার শৈল্পিক দক্ষতা ছিল প্রায় কিংবদন্তীতুল্য।

অরবিন্দ দাশগুপ্তই সিলেটের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পী। মানপত্র লেখার সূত্র ধরেই অরবিন্দদার সাথে আমার এক ধরনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দাদার যতরপুরের বাসায় কতবার যে গিয়েছি। আমি কবিতা লিখি জেনে অরবিন্দদা আমাকে বেশ সমীহভাব দেখাতেন। পরে জেনেছি, অরবিন্দদাও কবিতা লিখেন। খুব প্রচারবিমুখ ছিলেন, এক আত্মমগ্ন শিল্পীর মতোই সবসময় ডুবে থাকতেন নিজের ভাবনায়। ১৯৮৮ সালে প্রকাশিত আমার প্রথম বাংলা কাব্যগ্রন্থ ‘চৈতন্যে অধিবাস’-এর প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন তিনি।

অরবিন্দ দাশগুপ্ত একজন সফল শিক্ষক। চিত্রশিল্প বিষয়ে শিক্ষকতা করেছেন শিল্পকলা একাডেমিতে, শিশু একাডেমিতে, নিজের একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন চিত্রশিল্প শিক্ষাদানের। তাঁর অসংখ্য ছাত্রছাত্রী, যাদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছেন। চিত্রশিল্প নিয়ে তাঁর বিশাল কর্মযজ্ঞ ও অমলিন অবদানের প্রেক্ষিতে তিনি নিজেই পরিণত হয়েছেন এক উজ্জ্বল প্রতিষ্ঠানে।

সত্তরের দশকে যে পরিচয়সূত্র গড়ে উঠেছিল অরবিন্দদার সাথে প্রায় অর্ধ শতাব্দীর দীর্ঘ পথ পরিব্রাজনের পরও সেই সম্পর্কের সুতোয় সামান্য ধূলোবালিও জমেনি। যখনই যেখানে দেখা হয়েছে অরবিন্দদা তাঁর শিশুর সারল্যমাখা অননুকরণীয় সহাস্য ভঙ্গীতে অভ্যর্থনা জানিয়েছেন। নানা উপলক্ষেই তাঁর চিত্রশিক্ষাপ্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, নিজের লেখা কবিতা বা শিল্পসংশ্লিষ্ট বই উপহার দিয়ে লাজুক হাসি ছড়িয়ে দিয়ে বলেছেন, ‘একটু পড়বেন’। এত বড় মাপের একজন শিল্পী ও শিক্ষক, কিন্তু কী অসামান্য বিনয়! আমাদের এই সময়ে অরবিন্দদার মতো ভদ্র ও বিনয়ী মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন হবে।

আমি তাই কখনও কখনও ভাবি, কে বড়? শিল্পী অরবিন্দ দাশগুপ্ত নাকি মানুষ অরবিন্দ দাশগুপ্ত। আমি এর সঠিক উত্তর জানি না। থাক না, এ প্রশ্নটি অমীমাংসিতই থেকে যাক।

অপরিমেয় শ্রদ্ধা অনন্য মানুষ সুমহান শিল্পী সদ্যপ্রয়াত অরবিন্দ দাশগুপ্তকে।

শেয়ার করুন