ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২১, ৯:২৪ অপরাহ্ণ

গোল উৎসব করে জয়ের ধারায় ফিরল মোহামেডান

আপডেট টাইম : জুলাই ১৭, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জয়ের ধারায় ফিরল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সেটাও উত্তর বারিধারার বিপক্ষে গোল উৎসব করে। শুরুতে পিছিয়ে পড়ে উত্তর বারিধারা যদিও সমতা ফিরিয়েছিল ম্যাচে। তবে মোহামেডানের দাপুটে পারফরম্যান্সে হার এড়াতে পারেনি।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলে জয় তুলে নেয় মোহামেডান। প্রথমার্ধেই ৩-১ গোলে লিডের পর দ্বিতীয়ার্ধে আরো এক গোল আদায় করে শন লেনের শিষ্যরা। এবারের লিগে এই প্রথম প্রতিপক্ষের জালে চার গোল দিল মোহামেডান।

দারুণ এই জয়ে লিগ টেবিলে সেরা চারে অবস্থান আরেকটু শক্ত করল মোহামেডান। ১৮ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট তাদের। ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে উত্তর বারিধারা।

১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩৬ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় ও ৩৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আছে তৃতীয় স্থানে।

এ ম্যাচের আগে টানা দুই ম্যাচ জয়শূন্য ছিল মোহামেডান। একটি ড্র ও অন্য ম্যাচে হারের পর জয় পেল তারা। অন্যদিকে উত্তর বারিধারা টানা দুই জয়ের পর হারের তেতো স্বাদ পেল।

এদিন মোহামেডান প্রথম এগিয়ে যায় ১৯ মিনিটে। দারুণ এক গোল করেন আমির হাকিম বাপ্পী। তবে ২৪ মিনিটে সুমন রেজা বারিধারার পক্ষে সমতা ফেরার ম্যাচে।

৩৬ মিনিটে মোহামেডানকে ফের এগিয়ে দেন সলোমান দিয়াবাতে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে অনিক হোসেন ব্যবধান ৩-১ করেন। ৮১ মিনিটে ইয়াসান গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় সাদাকালোদের।

শেয়ার করুন