ডেস্ক রিপোর্ট
৮ মার্চ ২০২২, ১০:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সদ্যপ্রয়াত অজি কিংবদন্তী শেন ওয়ার্নের শেষকৃত্যের দিনক্ষণ ঘোষণা করেছে তার পরিবার। স্মৃতি বিজড়িত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৩০শে মার্চ বিদায় জানানো হবে এই কিংবদন্তীকে। ময়নাতদন্ত রিপোর্টে স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ট্রেলিয়ায় নেয়া হচ্ছে ওয়ার্নের মরদেহ।
অবশেষে শেষ হলো অপেক্ষা পালা। জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরছেন লেগ স্পিনার শেন ওয়ার্ন। কিন্তু প্রাণহীন, নিথর দেহে। ক্রিকেট কমেন্ট্রির ব্যস্ততা শেষে অবশেষে বাবাকে দেখবে ব্রুক, সামার এবং জ্যাকসন, কিন্তু তাদের দিকে তাকিয়ে স্বভাবসুলভ সেই হাসি আর হাসবেন না ওয়ার্ন।
পুলিশের মতো ময়নাতদন্ত রিপোর্টও বলছে কোহ সামুই দ্বীপে ওয়ার্নের মৃত্যু স্বাভাবিক ছিলো। আনুষ্ঠানিক রিপোর্ট পাওয়ার পরপরই মরদেহ নেয় হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখান থেকে চার্টার্ড বিমানে করে মেলবোর্নে চলে যাবেন নিষ্প্রান শেন ওয়ার্ন।
রয়েল থাই পুলিশের সহকারী কমিশনার সুরাচাত হাকপান বলেন, শেন ওয়ার্ন বিশ্ব নন্দিত একজন ক্রিকেটার। তিনি এর আগে আরও তিনবার থাইল্যান্ড ভ্রমণ করেছেন আর প্রতিবারই তিনি কোহ সামুই দ্বীপে অবস্থান করেছেন। থাইল্যান্ডের এই অকৃত্রিম বন্ধুর জন্য আমরা সত্যিই শোকাহত। তাই তার মৃত্যুর রহস্য উদঘাটন করা আমাদের দায়িত্ব ছিলো।
এদিকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে শেন ওয়ার্নের পরিবারের সদস্যরা। বাবার উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন তার সন্তানরা।
শেন ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন চিঠিতে লেখেন, ‘বাবা তুমি সবসময় চেয়েছো আমি হাসিখুশি থাকি। আমি সবসময় চেষ্টা করবো, কিন্তু জানি না কতটুকু ভালো থাকতে পারবো। শুধু বাবাকে নয়, আমি আমার সবচেয়ে বড় বন্ধুকে হারিয়েছি। যার সাথে খেলতে পছন্দ করতাম, খেলা দেখতে পছন্দ করতাম। ভালো থেকো বাবা, খুব শীঘ্রই দেখা হবে।’
পরিবার জানিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে ৩০শে মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এমসিজি প্রাঙ্গণ। এতে লক্ষাধিক লোকের উপস্থিতি আশা করা হচ্ছে।