ডেস্ক রিপোর্ট

৭ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার নতুন সমন্বয়ক আল কাদেরী জয়

আপডেট টাইম : ডিসেম্বর ৭, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার এক সভা আজ নগরীর হাজারি গলিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাসদ( মার্ক্সবাদী) ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড শফিউদ্দিন কবির আবিদ। সভায় উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহা, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সিপিবি চট্টগ্রাম জেলা নেতা ফরিদুল ইসলামসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “জনমত উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দরের এনসিটি,সিসিটিসহ বিভিন্ন টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি, নিরাপদ ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই ধরনের নীতিগত সিদ্ধান্ত নেয়ার অধিকার বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নেই।কিন্তু আমেরিকাসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েই সরকার একের পর এক এসব গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতিসহ ভবিষ্যৎ আঞ্চলিক ভূ-সামরিক নিরাপত্তা ও দ্বন্দ্ববিরোধে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে।

এরইমধ্যে গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া চর ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। এটা অতীত স্বৈরাচারী সরকারের মতনই দেশ ও জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত। ঢাকায় এর প্রতিবাদে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় বাম জোটের নেতাকর্মীরা আহত হয়।

অন্তবর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা ও একগুঁয়েমি পরিত্যাগ করে এসব সিদ্ধান্ত বাতিল না করলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।”

সভায় আগামী ১০ ডিসেম্বর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের ডাকে চট্টগ্রাম বন্দর অভিমুখে লাল পতাকা মিছিলের প্রতি সমর্থন জানানো হয়।

একইসাথে বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক হিসেবে আগামী ৩ মাসের মেয়াদে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়কে নতুন সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়।

শেয়ার করুন