ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ব্যাটারি রিকশা- রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আবু জাফর, সিলেট মহানগর আহবায়ক প্রণব জ্যোতি পালসহ গ্রেফতারকৃত আরও দুইজন শ্রমিক এর নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনরত রিকশা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদি মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে
বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, ঢাকা নগর নেতা মনির হোসেন মলি, দাউদ আলী মামুন, রোখসানা আফরোজ আশা প্রমুখ।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জুলফিকার আলী এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সিলেট মহনগরে শান্তিপূর্ণভাবে রিকশা শ্রমিক সমাবেশ শেষে আবু জাফর ও প্রণব জ্যোতি পাল যখন শ্রমিকদের সাথে সংগ্রাম পরিষদ কার্যালয়ে বসে কথা বলছিল, সেই সময় পুলিশ কমিশনারের সাথে বৈঠকের কথা বলে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে কোন মামলা ছাড়াই বিনা ওয়ারেন্টে গ্রেফতার, কোর্টে চালান ও দ্রুত বিচার আইনে মিথ্যা(সেকশান ৪, ৫) ও হয়রানিমূলক মামলায়(৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬,৩০৭ ধারা) জেল হাজতে প্রেরন করা হয়েছে, যা পুলিশের নিপিড়ক চরিত্রের প্রতিফলন।
নেতৃবৃন্দ আরও বলেন, সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর একটি অভিন্ন ও সমন্বিত নীতিমালা চুড়ান্ত করে বিআরটিএর অধীনে ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক এর নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিটি সড়ক মহাসড়কে স্বল্পগতির/লোকাল ও ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য পৃথক লেন/সার্ভিস রোড নির্মান ও চালকদের প্রশিক্ষণ প্রদানসহ ৮ দফা দাবিতে ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। আন্দোলনের দাবির প্রেক্ষিতে থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা -২০২৪ ও “বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা,২০২৫” এর খসড়া প্রণিত হয়েছে।
খসড়া নীতিমালা চুড়ান্ত করতে আলাপ-আলোচনা চলমান। এই অবস্থায়, সিলেটের পুলিশ প্রশাসন পূর্বের ফ্যাসিবাদী সরকারের ন্যায় আলোচনার মাধ্যমে সংকটের সমাধান না করে দমন-পীড়ন-নির্যাতন ও শ্রমিক নেতাদের গ্রেফতার করে নতুন সংকট সৃষ্টি এবং সংকট কে কেন্দ্র করে দুর্ণীতির সিন্ডিকেট তৈরির পথে হাঁটছেন।
নেতৃবৃন্দ সংগ্রাম পরিষদ সিলেট মহনগর শাখার উপদেষ্টা কেন্দ্রীয় শ্রমিক নেতা আবু জাফর ও সিলেট মহনগর শাখার আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, রিকশা শ্রমিক নেতা সৈকত ও রণি’র নি:শর্ত মুক্তি এবং দ্রুত বিচার আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, আবু জাফর, প্রণবসহ রিকশা শ্রমিক নেতাদের কিছু হলে কঠোর কর্মসূচির মাদ্যমে তার জবাব দেওয়া হবে।