ডেস্ক রিপোর্ট
৩ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কোতোয়ালী থানা শাখা, সিলেট এর উদ্যোগে নগরীর সিটি পয়েন্টে আজ (০২ নভেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪টায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সিপিবি কোতোয়ালী থানা শাখার সম্পাদক কমরেড ফজলুর রহমান শিপুর সভাপতিত্বে এবং শাখার সদস্য কমরেড আহমুদুর রশিদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন- সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাশরুখ জলিল প্রমুখ।
এ পথসভায় বক্তারা বলেন, ছাত্র-শ্রমিক-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষায়। ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষও এই অভ্যুত্থানে বুক পেতে অংশ নিয়েছিল একই আকাঙ্ক্ষায়। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের পথে বর্তমান সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রব্যমূল্যের ঊর্ধগতি থামছে না, বাজার সিন্ডিকেট আগের মতোই চালু রয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষায় ধস নেমেছে। সাম্প্রদায়িক সংঘাত সৃস্টি করে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িক অপশক্তি।
এসব কারণে ভুক্তভুগি সাধারণ মানুষের পুঞ্জিভূত ক্ষোভ বাড়ছে। কিন্তু এসবে কান না দিয়ে আগের মতোই দমন-পীড়নের পথে হাটছে সরকার। দীর্ঘদিন বেতন না পেয়ে শ্রমিকরা যখন রাস্তায় নামছে, তখন তাদের উপর পূর্বের মতোই চলছে গুলি-টিয়ার গ্যাস। ভিন্নমতাবলম্বীদের দমন করার জন্য অফিসে-বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। সন্ত্রাসী রাজনীতি বন্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সন্ত্রাসের পথ বেছে নেওয়া বা অগণতান্ত্রিক কোনো পথ বেছে নেওয়া জনগণ মেনে নেবে না। ছাত্র-শ্রমিক-জনতার আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিনী ব্যবস্থার সংস্কার সম্পন্ন করে অবিলম্বে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য বক্তারা আহবান জানান।