ডেস্ক রিপোর্ট

২৩ আগস্ট ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ

বানভাসী মানুষকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান ও পুনর্বাসনের দাবি

আপডেট টাইম : আগস্ট ২৩, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথ সভা আজ ২৩ আগস্ট ২০২৪ সেগুনবাগিচাস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, সমাজতান্ত্রিক পার্টির নেতা রুবেল সিকদার, গণমুক্তি ইউনিয়নের আহŸায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ (মাহাবুব) নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, বিপ্লবী কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, গণমুক্তি ইউনিয়নের শহিদুল ইসলাম, বাংলাদেশ জাসদ এর মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ নেতৃবৃন্দ।

সভার এক প্রস্তাবে পূর্ব সর্তকতা ছাড়া ভারত উজানে বাধের গেইট খুলে দেওয়া আন্তর্জাতিক আইনের লংঘন ও সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় উল্লেখ করে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সভার এক প্রস্তাবে দেশের ১২ জেলায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বন্যা প্লাবিত জেলাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা করে পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা, পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

সভার প্রস্তাবে বাম জোট, বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতা কর্মীদেরকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভার অপর প্রস্তাবে সমাজের বিত্তবান মানুষকে বানভাসি মানুষের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
সভায় ২/১ দিনের মধ্যে বন্যাদুর্গত অঞ্চলে কেন্দ্রীয়ভাবে ত্রাণ টিম প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং আগামীকাল ২৪ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বাটা সিগনাল থেকে এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব, নিউমার্কেট এলাকায় এবং আগামী ২৫ আগস্ট সকাল ১১টায় পল্টন মোড়-মতিঝিল এলাকায় ত্রাণ সংগ্রহ করা হবে। দলসমূহের সকল নেতাকর্মীদের ত্রাণ সংগ্রহ অভিযানে অংশ নেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়াও যে সকল সহৃদয় ব্যক্তি প্রতিষ্ঠান বানভাসি মানুষকে ত্রাণ সহায়তা দিতে চান তাঁরা বাম জোট, বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় দপ্তর ৮/৪-এ সেগুনবাগিচাস্থ ৫ম তলায় দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন