ডেস্ক রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে এ দিন সরকারি ছুটি ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ১৫ আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বর্তমান সরকার যে ১৫ আগস্টের সরকারি ছুটি রাখবে না সেটার আভাস আজ বিকেলেই পাওয়া গিয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যকার উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে।
এর আগে সোমবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কয়েকটি বিষয়ে আলোচনা করেন। এসময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পরিবর্তনের বিষয়টি নিয়েও আকারে-ইঙ্গিতে কথা বলেছে কোনও কোনও দল।
একই দিনে ঢাবির টিএসসি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির-সহ ৩৫টি ছাত্র সংগঠন এক মতবিনিময় সভায় ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। উপস্থিত সব ছাত্র সংগঠনের প্রতিনিধি এই সিদ্ধান্তের সঙ্গে লিখিতভাবে একমত পোষণ করেন।