ডেস্ক রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১:৫৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ১১ আগস্ট ২০২৪, দুপুর ২ টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মন্দিরে অবস্থানরত নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ দেশের কিছু এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাটে হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এই দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে। ইতিমধ্যে বাম জোটের নেতা কর্মীরা স্থানীয় প্রগতিশীল ও গণতন্ত্রনা মানুষকে সাথে নিয়ে এই হামলা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় পাহারাদারের ভূমিকা পালন করছে।
বাম নেতৃবৃন্দ বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। একই সাথে যারা হামলা পরিচালনা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।
নেতৃবৃন্দ বলেন এ দেশ সকলের। কোন ধর্মীয় পরিচয় বা জাতীয়গত পরিচয় কোন মানুষের উপরে আক্রমণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতেই হবে। নেতৃবৃন্দ ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ নেতৃবৃন্দসহ ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, কাজল বন্দ্যোপাধ্যায় মনিন্দ্র কুমার নাথসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উভয় নেতৃবৃন্দ সারাদেশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্বৃত্ত ও সুযোগ সন্ধানীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।