ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ

ঝিনাইদহে কমরেড মোফাজ্জেল হোসেন মনজু’র জীবনাবসান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আজীবন কমিউনিস্ট বিপ্লবী, কারা নির্যাতিত, কিংবদন্তি কমিউনিস্ট নেতা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্টি লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি , চিত্রা বাঁচাও আন্দোলনের আহবায়ক ও ঝিনাইদহের গণমানুষের প্রিয়নেতা মোফাজ্জেল হোসেন মনজু(৭০) নানাবিধ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল একুশে ফেব্রুয়ারি বুধবার আনুমানিক রাত ১১টায় জেলার কালীগঞ্জ শহরের ফয়লা মাস্টারপাড়াস্হ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

প্রয়াত কমরেড মোফাজ্জেল হোসেন মনজুর অন্তিম শ্রদ্ধা প্রথমে সকাল ৮টায় কালীগঞ্জ গোহাট ঈদগাহে অনুষ্ঠিত হয়। উপজেলার সম্ভ্রান্ত খান পরিবারের জন্মগ্রহণকারী কমরেড মনজুকে দ্বিতীয়বারে সর্বজনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সতীর্থ কমরেডস্ ও স্বজনেরা জামাল ইউনিয়নের কাবিলপুর গ্রামের বাড়িতে সমবেত হয়ে গভীর শোক ও অন্তিম শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মানবমুক্তির কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা ও অন্তিম যাত্রায় কমিউনিস্ট গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

এসময় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন, তসলিমুর রহমান, বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) পক্ষে ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, জেলা কমিটির অন্যতম সদস্য সুজন বিপ্লব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক কমরেড অ্যাড. আসাদুল ইসলাম, জেলা সদস্য আসাদুর রহমান, কালীগঞ্জ উপজেলা সমন্বয়ক আব্দুল মান্নান, গণসংগতি আন্দোলনের জেলা আহ্বায়ক নজরুল ইসলাম, বাংলাদেশ নারী মুক্তি পরিষদের আহ্বায়ক স্বপ্ন সুলতানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড সাহিদুল এনাম পল্লব, জেলা কমিটির সদস্য কমরেড শামসুজ্জামান আক্তার, কমরেড রাজা, কমরেড আব্দুর রাজ্জাক, কমরেড আব্দুল মান্নান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কমরেড আব্দুল কুদ্দুস কমরেড বিপ্লব বিষ্ণু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রয়াত কমরেড মনজুর অসংখ্য গুণগ্রাহী, দূরে ও কাছে বিভিন্ন স্হান এবং এলাকাবাসী শেষবারের মতো দেখতে ছুটে এসেছে। প্রয়াতকে নিজ গ্রামের কবরস্থানে পরিবারের সম্মতি সাপেক্ষে সমাহিত করা হয়েছে। এছাড়া কমরেড মোফাজ্জেল হোসেন মনজুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাঙ্গীর হোসেন ঠান্ডুসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ শেষকৃত্যে অংশগ্রহণ করেছেন।

বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দ, প্রয়াত কমরেড মোফাজ্জল হোসেন মনজু’র স্ত্রী, কন্যা ও পুত্রসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে অন্তিম শ্রদ্ধা নিবেদনে বলেন, তাঁর মৃত্যু ঝিনাইদহের বামপ্রগতিশীল রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্রের পতনের মতো অনাকাঙ্ক্ষিত, আদর্শিক সহযোদ্ধা হিসাবে তিনি সবচেয়ে প্রবীণ ও অগ্রসর থেকে পার্টি-সংগঠন-জোটবদ্ধ আন্দোলনে নিবেদিত ছিলেন। কৈশোর থেকে ৫০ বছরের অধিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কমিউনিস্ট বিপ্লবের আদর্শ সক্রিয়ভাবে ধারণ করেছেন। গোপন ও প্রকাশ্য দায়িত্ব পালনে আজীবন নিজের অর্থে সার্বক্ষণিক রাজনীতিবিদ হিসাবে সচল থেকেছেন। রাজনীতির বাইরে কোন পেশাগতজীবন গ্রহণ করেননি। তাঁর মৃত্যুতে শূন্যতা অপূরণীয়। ন্যায্য অধিকার ও শোষণমুক্তির লড়াকু যোদ্ধার ভূমিকা ও অবদানকে ঝিনাইদহবাসী তথা জনগণের সংগ্রামী চেতনায় অবিস্মরণীয় হয়ে থাকবে। বাম আন্দোলনেও কমরেড মনজু আইকন হিসাবে বিপ্লবী লড়াইয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শেয়ার করুন