ডেস্ক রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ৯০ তম ফাঁসি দিবসে আজ সকাল ৯ টায় নগরীর জেএমসেন হল প্রাঙ্গনে সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও লাল সালাম জানিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, ছাত্রনেতা পুষ্পিতা নাথ, মন্দিরা বিশ্বাস প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন,‘‘ সূর্যসেন লড়েছিলেন বৃটিশ সাম্রাজ্যবাদী শৃঙ্খলে পরাধীন ভারতের স্বাধীনতা ও শোষণমুক্তির লক্ষ্যে। আজ ব্রিটিশ ও পাকিস্তানী শাসন নেই,কিন্তু শোষণের অবসান ঘটেনি।দেশে গত ৫২ বছরের পুঁজিবাদী শোষণে বৈষম্য-বঞ্চনা বাড়ছে। সাম্রাজ্যবাদীদের সাথে অসম শর্তে দেশের সম্পদ তুলে দেওযা হচ্ছে। রাজনীতি-সমাজনীতি-শিক্ষা-সংস্কৃতি-মূল্যবোধ সমস্তকিছুতে পচন ধরেছে। এ অবস্থায় সূর্যসেনের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদবিরোধী লড়াই বেগবান করতে হবে।”
নেতৃবৃন্দ আরো বলেন,” চট্টগ্রামে সূর্যসেন বিপ্লবী অভ্যুত্থান সংঘটিত করেছিলেন।অথচ চট্টগ্রামে সূর্যসেনসহ বিপ্লবীদের স্মৃতিজড়িত স্থান সংরক্ষণ ও সে গৌরবজনক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কোন রাষ্ট্রীয় আয়োজন নেই।আমরা দাবি জানাই অবিলম্বে চট্টগ্রামে সূর্যসেন স্মৃতি জাদুঘর স্থাপন ও প্রীতিলতা,তারকেশ্বর দস্তিদারসহ বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে।