ডেস্ক রিপোর্ট

২৬ ডিসেম্বর ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ

শ্রমিকদের ক্ষেত্রে মজুরি প্রোডাকশন বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

আপডেট টাইম : ডিসেম্বর ২৬, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সরকারের ঘোষিত মজুরি প্রোডাকশন শ্রমিকদের ক্ষেত্রে বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে দাবিতে আজ সকাল ১১ টায় ফকির নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বিকেএমইএ কার্যালয়ে এবং ১২ টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি দেয়ার পূর্বে দুটি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কারখানার শ্রমিক সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। নতুন কাঠামোতে শ্রমিকদের ৫৬% মজুরি বৃদ্ধি করা হয়েছে। যা ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। নারায়ণগঞ্জে অধিকাংশই নিট গার্মেন্টস। এখানে বিরাট অংশ প্রোডাকশন শ্রমিক। এরা সাপ্তাহিক বিল পায়। ফকির নিটওয়্যারে প্রোডাকশন শ্রমিকদের মধ্যে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হয়নি। শ্রমিকরা এ বিষয়ে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে অস্বীকৃতি জানায় এবং সরকারি ঘোষণা না মেনে নামমাত্র পিসরেট বৃদ্ধির কথা বলে। না মানলে তাদের চাকরি চলে যাওয়ার হুমকি প্রদান করে।

দেশের এমন একটি প্রতিষ্ঠিত কারখানায় আইন লঙ্ঘন করা হচ্ছে অথচ প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিকেএমইএ নির্বিকার। শ্রমিকরা আন্দোলন করলে শিল্প পুলিশ লাঠিপেটা করে, গুলি বর্ষণ করে নিরস্ত্র শ্রমিকের উপর। অথচ মালিকরা যখন আইন লঙ্ঘন করছে সেখানে শিল্প পুলিশের কোন ভূমিকা নেই।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকার ঘোষিত মজুরি কাঠামো প্রোডাকশন শ্রমিকদের ক্ষেত্রে বাস্তবায়নসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

 

শেয়ার করুন