ডেস্ক রিপোর্ট
১৫ জুন ২০২২, ৪:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রায় সব কেন্দ্রেই ইভিএম স্লো। এ কারণে ধীরগতিতে ভোট পড়ায় দিন শেষেও লম্বা সারিতে অপেক্ষা করছেন ভোটাররা। এর সঙ্গে যুক্ত হয়েছে ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা না থাকার বিষয়টি। এ জন্য ভোটাররাও বেশি সময় নিচ্ছেন বলে একাধিক প্রিসাইডিং অফিসার জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেছেন, ‘সবার ভোট নেওয়া হবে। ভোট কাস্ট না হলে ৪টার পর যারা কেন্দ্রে থাকবেন তাদের ভোট নেওয়া হবে। যদি রাত ৮টাও বাজে তাও তাদের ভোট নেওয়া হবে।’
৯ নম্বর ওয়ার্ডের ভোটার তানজিনা আক্তার বলেন, ‘আমি ভোট দিয়েছি। লম্বা লাইন ছিল। এখন কিছুটা কমে এসেছে। কিন্তু তবুও দুই ঘণ্টা লাগবে শুধু এই কেন্দ্রের ভোটগুলো কাস্ট করতে।’
এ বিষয়ে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, ‘সিস্টেমে সমস্যা। ভোটার উপস্থিতি সন্তোষজনক। কিন্তু কী করা, তারা ভোট তো দিতে পারছেন না। এখন পর্যন্ত বহু কেন্দ্র পরিদর্শন করেছি। সব কেন্দ্রেই একই সমস্যা, ইভিএম স্লো। আমার অনেক ভোটার ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। নির্বাচন কমিশন (ইসি) বলেছে রাত ৮টা হলেও সব ভোট নেবে।’
ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা না থাকার বিষয়ে তিনি বলেন, ইসি ইভিএম এনেছে। ভোটারদের ইভিএমের ব্যবহার শেখানোও ইসির কাজ। ইসি এই জায়গায় ব্যর্থ।’