ডেস্ক রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১১:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষকদের বহিষ্কার প্রশাসনের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ দাবি করে অবিলম্বে বহিষ্কারাদেশ বাতিল করে শিক্ষকদের তাদের দায়িত্বে পুনর্বহাল করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি রাজন দাশ এবং জেরিনা হোসেনকে গত বৃহস্পতিবার(১২ অক্টোবর, ২০২৩) অনৈতিকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের অনৈতিকভাবে বহিষ্কারের পর থেকেই বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রশাসনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার থাকার জন্যেই স্থাপত্য বিভাগের দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ পূর্ণ সংহতি জ্ঞাপন করছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ অবিলম্বে শিক্ষক রাজন দাশ এবং জেরিনা হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বপদে বহাল করতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় লিডিং ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ আন্দোলনের মধ্য দিয়ে দাবি বাস্তবায়নে বাধ্য করবে।