ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২৩, ১১:৫৫ অপরাহ্ণ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের জন্য আওয়ামী লীগ দায়ী: ফয়জুল করিম

আপডেট টাইম : জুলাই ১০, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের জন্য আওয়ামী লীগই দায়ী। বিদেশিদের হস্তক্ষেপ থেকে বাঁচার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে তিনি মনে করেন।

সোমবার বিকেলে রাজশাহী নগরের শিরোইল এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দেশ নিয়ে হস্তক্ষেপ করার (বিদেশিদের) রাস্তা অন্য কেউ তৈরি করে নাই, আওয়ামী লীগ নিজেই সৃষ্টি করেছে। আওয়ামী লীগ ও এ দেশের জন্য প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন। আমরা অনেকেই বলি, বিদেশি হস্তক্ষেপ চাই না। কিন্তু বিদেশিরা হস্তক্ষেপ করে কেন? কোন দুর্বলতার বলে বিদেশিরা হস্তক্ষেপ করতেছে? সেই দুর্বলতাটা হচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচন না দেওয়া। এই গ্রহণযোগ্য নির্বাচন যদি সরকার দিত, তাহলে ইউরোপও আমাদের দিকে ছড়ি ঘোরাতে পারত না, ভারতও আমাদের গলা চাপতে পারত না।’

ফয়জুল করিম আরও বলেন, দেশের প্রশাসন ভেঙে পড়েছে। সব ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। শৃঙ্খলা (চেইন অব কমান্ড) বলতে কিছু নেই। কারও কথা কেউ মানে না। আমলারা যদি দেশ চালান, সেই দেশের অবস্থাটা কী হবে? দেশের টাকা পাচারে সবচেয়ে বেশি আমলাদের নাম। এর জন্য প্রয়োজন জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেই ক্ষমতায় যাক না কেন, কমপক্ষে আমলারা আর বিদেশিরা হস্তক্ষেপ করতে পারবে না। আর গ্রহণযোগ্য নির্বাচন কোনো অবস্থাতেই যে সরকার ক্ষমতায় তার অধীনে হয় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সংগঠনটির মহানগর শাখার সভাপতি মো. তারিফ, সহসভাপতি মুরশিদ আলমসহ দলটির মহানগর, জেলা ও থানা পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন