ডেস্ক রিপোর্ট
৩০ জুন ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : এবারের সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের দুটিতে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে বাংলাদেশ। মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়ে দুর্দান্ত জয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা সেমিফাইনালে।
আগামীকাল (শনিবার) বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কুয়েতের বিপক্ষে। তবে এ দলটি মালদ্বীপ-ভুটানের মতো নয়। কুয়েতের বিপক্ষে পিছিয়ে পড়লে ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে। যেমন শুরুর ম্যাচে লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়ে ফিরতে পারেননি জামাল ভূঁইয়ারা।
যে কারণে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আগে থেকেই সতর্ক। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘পরপর দুই ম্যাচে পিছিয়ে পড়ে জিতেছি। বিষয়টি আমাদের জন্য দারুণ ছিল। মানসিকভাবে খেলোয়াড়রা শক্ত ছিল। তাই দারুণ প্রত্যাবর্তন করেছে। সেমিফাইনালে শুরু থেকেই আমরা গোল হজম না করার দিকে নজর দেবো। কারণ, আগের দুই ম্যাচে পিছিয়ে জিতলেও সব ম্যাচে সেটা নাও হতে পারে। বিশেষ করে কুয়েতের মতো দলের বিপক্ষে।’
‘প্রথম ম্যাচে আমরা লেবাননের বিপক্ষে পিছিয়ে পড়ে কিন্তু কামব্যাক করতে পারিনি। আপনি প্রতিপক্ষকে কখনো থামাতে পারবেন, কখনো পারবেন না। কুয়েতের ম্যাচে রক্ষণ জমাট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতে যেভাবে গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম, সেটা এই ম্যাচে যাতে না হয়, সেদিকে নজর দিতে হবে।’
বাংলাদেশ কোচ যোগ করেন, ‘সেমিফাইনালের আগে ৭২ ঘণ্টা সময় পেয়েছি রিকভারির জন্য। আমরা সেটা করার চেষ্টা করেছি। গতকাল আমরা সেদিকেই বেশি নজর দিয়েছিলাম। আজ (শুক্রবার) আমাদের একটা ট্রেনিং সেশন আছে। আমরা আগামীকাল ম্যাচের জন্য প্রস্তুত এবং রোমাঞ্চিত। আমরা অনেকদিন পর সেমিফাইনাল খেলছি। আশা করি, বড় ফাইট হবে ম্যাচে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কুয়েতকে হারিয়ে ফাইনালে যেতে।’
কুয়েত সম্পর্কে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা সবসময়ই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি। কুয়েত অবশ্যই শক্তিশালী দল। আমরা তাদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই। কুয়েতকে চমকেও দিতে চাই। দলটিতে অনেক পেশাদার ফুটবল আছে। দারুণ কম্বিনেশন তাদের। কয়েকজন খেলোয়াড় আছেন যারা ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। সবকিছু বিবেচনা করেই আমরা পরিকল্পনা তৈরি করছি।’
ফাইনাল খেলতে চাই-দলের সবার এমন মনমানসিকতা উল্লেখ করে ক্যাবরেরা বলেছেন, ‘সবারই এক কথা, আমরা সেমিফাইনালে উঠেছি। এখন ফাইনালে যেতে চাই। সবারই চিন্তা কিভাবে ফাইনালে খেলা যায়। আমরা ফাইনালে ওঠর জন্য লড়াই করবো। আমরা সেমিফাইনালে উঠেছি এখন সেটাই উপভোগ করবো, বিষয়টি এমন নয়। আমরা ফাইনালে ওঠার জন্য মাঠে সেরাটা দেবো।’
কুয়েতের বিপক্ষে ফিফটি-ফিফটি ম্যাচ হবে মনে করেন ক্যাবরেরা, ‘বাংলাদেশের আক্রমণভাগ ও কুয়েতের রক্ষণভাগ এবং কুয়েতের আক্রমণভাগ ও বাংলাদেশের রক্ষণভাগের লড়াই হবে ম্যাচে। আমি মনে করি, ফিফটি-ফিফটি গেম হবে। তবে আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’