ডেস্ক রিপোর্ট

৭ জুন ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ

সুস্মিতা মরিয়ম ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট টাইম : জুন ৭, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির তিন দিন ব্যাপী সাধারণ সভা গত ৪-৬ জুন সেগুনবাগিচাস্থ ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ, সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সহ সভাপতি রায়হান উদ্দিন। সভায় শিক্ষাঙ্গন পরিস্থিতি, দেশের রাজনৈতিক অবস্থা, শিক্ষার উপর শাসকদের সাম্প্রতিক আক্রমন এবং তার বিরুদ্ধে চলমান আন্দোলনকে জোরালো করার লক্ষ্যে সাংগঠনিক ও আদর্শিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার এক প্রস্তাবে আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ আরও কমানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানানো হয়।

সভার অপর এক প্রস্তাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের হল থেকে বিতাড়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীর সাথে সংগঠনের পক্ষ থেকে সংহতি জানানো হয়। এবং ওই শিক্ষার্থীর উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

একই সাথে সারা দেশে শিক্ষাকে বেসরকারীকরণ ও বাণিজ্যিক পণ্যে পরিণত করার যে পাঁয়তারা চলছে তার বিরুদ্ধে ছাত্রসমাজকে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে সংগঠনের কাজে নিস্ক্রিয় থাকায় সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সুস্মিতা মরিয়মকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সভায় আগামী ৩-৫ আগষ্ট ২০২৩ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কাউন্সিল ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কাউন্সিল সফল করার লক্ষ্যে সংগঠনের সহ সভাপতি রায়হান উদ্দিনকে আহবায়ক এবং কেন্দ্রীয় প্রচার – প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভকে সদস্য সচীব করে কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্য ও সকল পূর্ণ সদস্যগণ প্রস্তুতি কমিটির সদস্য থাকবেন।

প্রস্তুতি কমিটি বসে দ্রুত উপ পরিষদসমূহ গঠন করবেন।

সভায় আগামী ১৩-১৫ জুলাই কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সভা ও পূর্ণ সদস্যদের সভা ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্তে গৃহীত হয়।

শেয়ার করুন