ডেস্ক রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বর্তমান সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে, এই মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের বেপরোয়া অনুশীলন করছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংসের জন্য ক্ষমতাসীনদের বড় ধরনের খেসারত দিতে হবে।
আজ শুক্রবার বিকেলে আ স ম আবদুর রব তাঁর উত্তরার বাসায় জেএসডির যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ‘আন্দোলনের কৌশল ও করণীয়’ নিয়ে মতবিনিময় করেন। সেখানে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এসব কথা বলেন।
জেএসডি সভাপতি বলেন, সরকারের অতি লোভ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে দিয়েছে। রাজনীতিকে অতল গহ্বরের কিনারে নিয়ে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। সুতরাং গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করা ঐতিহাসিক আবশ্যকতা হয়ে দাঁড়িয়েছে।
জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘প্রভু আর ক্রীতদাসের সম্পর্কের মতো রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক হতে পারে না। অংশীদারত্বের রাজনৈতিক ব্যবস্থাপনায় সব নাগরিককে রাষ্ট্রের মালিকানায় রূপান্তরের যে দর্শন আমরা হাজির করেছি, তা বাস্তবায়ন করেই ঔপনিবেশিক রাষ্ট্রীয় মডেলের অবসান করতে হবে।’
মতবিনিময় অনুষ্ঠানে জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কেন্দ্রীয় নেতা ছানোয়ার হোসেন তালুকদার, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, লোকমান হাকিম, বিকাশ চন্দ্র সাহা, মতিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।