ডেস্ক রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: রাজনীতিতে গুণগত পরিবর্তন করে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, ক্ষমতার লোভ রাষ্ট্র বিনির্মাণের সব সম্ভাবনা নস্যাৎ করে দেয়।
স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পত্রিকায় স্বাধীনতার ঘোষণাপত্র দিবস নিয়ে কোনো সংবাদ নেই। যাঁরা ক্ষমতায় আছেন, কিছু না হোক তাঁদের তো একটা বিবৃতি হলেও থাকার কথা ছিল। ছোটখাটো অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু করছেন না। সে দিনের সেই চেতনাকে এখন ওনারা ধারণ করেন না।
স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, সে জন্য লোভীদের ক্ষমতা থেকে সরাতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গড়ে তুলতে হবে বিকল্প রাজনীতি। মানুষের মধ্যে বিকল্প সংস্কৃতির চর্চা আনতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের রাষ্ট্রের আইনগত বৈধতা প্রদান করেছে। মুক্তিসংগ্রামের পর রাষ্ট্রের দর্শনগত পর্যালোচনা, জনগণের আকাঙ্ক্ষা ও স্বাধীনতার বৈশিষ্ট্য—কোনো কিছুই বিবেচনা না করে তড়িঘড়ি করে ওই সময় ক্ষমতা দখল করা হয়। ক্ষমতার লোভ রাষ্ট্র বিনির্মাণের সব সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়।’
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মানুষকে রাতের আধারে তুলে নেওয়া মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এ আলোচনা সভায় রাষ্ট্রচিন্তার সদস্য হাসনাত কাইয়ুমসহ আরও কয়েকজন বক্তব্য দেন।