ডেস্ক রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১:০২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ দাবি করেছে, তাদের একজন নেতা ও তাঁর বন্ধুদের মারধর করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সহসাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ ১৮–২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।
হামলায় আহত ছাত্রদলের সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন। পূর্বপরিকল্পিতভাবে এ হামলা হয়েছে বলে দাবি ছাত্রদলের এই নেতার।
ইব্রাহিম খলিল বলেন, ‘আইন অনুষদের এনেক্স ভবন প্রাঙ্গণে ইফতার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আসি। ছাত্রলীগ নেতা–কর্মীরা প্রথমে চারটি মোটরসাইকেলে ও পরে অনেকে সেখানে আসেন। তাঁরা সঙ্গে থাকা রড ও স্টাম্প দিয়ে আমাদের ওপর হামলা করেন। পুলিশ বক্সের সামনে থাকা চেয়ার দিয়েও আমাদের পেটাতে থাকেন। হামলায় ১৮-২০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।’
অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, ‘ইফতারের পর বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থী (ছাত্রলীগ নেতা) তাঁর দুই বন্ধুর সঙ্গে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে আড্ডা দিচ্ছিলেন। সেখানে কথা–কাটাকাটির জেরে ছাত্রদলের লোকজন ওই শিক্ষার্থীকে পেটাতে শুরু করেন। তাঁর দুই বন্ধুকেও মারধর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের অরাজকতার জবাব দিয়েছেন।’