ডেস্ক রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: র্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যু বিচার বহির্ভূত হত্যাকান্ডের আরেকটি নগ্ন প্রকাশ বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় নেতৃৃবৃন্দ। এরকম বিচার বহির্ভূত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ এবং দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিলরুবা নূরী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তাকে গত বুধবার (২২ মার্চ ২০২৩) সকালে র্যাব নওগাঁর মুক্তির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে। দুপুরের দিকে জানতে পারা যায় তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ ২০২৩ তার মৃত্যু হয়। র্যাব দাবি করেছে তাদের হেফাজতে থাকা অবস্থায় সুলতানা স্ট্রোক করেছে। তবে পরিবারের সদস্যরা বলছেন, তার স্বাস্থ্যগত তেমন সমস্যা ছিল না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মামলা ছাড়া হুট করে কোনো ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নেওয়া সংবিধান ও আইনের পরিপন্থী। নিহতের পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ যথাযথ আইনানূগ প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখে ন্যায়বিচার নিশ্চিত করা দরকার।
বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।