ডেস্ক রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি: শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নির্যাতন ও দখলদারিত্ব প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, গেস্টরুম-গণরুম র্যাগিং এর নামে ছাত্র নির্যাতন বন্ধ করা, খাতা কলমসহ সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২২ মার্চ’২৩ বেলা ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন কলেজ শাখার সদস্য সচীব নিয়তি সরকার নিতু।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সভাপতি ধনঞ্জয় বর্মন, সদস্য মিষ্টি রানী, কলেজ শাখার সংগঠক তীর্থ চাকী, পলাশ চন্দ্র, তাহের,বিধান, দুর্জয় প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি আন্দোলন- ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরশাসক উৎখাত, কোঠা সংস্কার, নিরাপদ সড়ক, প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে এদেশের ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছে।শিক্ষার্থীরাই জনসাধারণের আশা- ভরসা এবং মা- বোনদের শতভাগ নিরাপত্তার জায়গা। কিন্তু গণতান্ত্রিক দেশে যখন ভোট দেবার প্রয়োজন থাকে না, মৌলিক অধিকার শিক্ষাখাতে ৭২% ব্যয় অভিভাবককে বহন করতে হয়, খাতা, কলমসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি , নগণ্য বিশ্ববিদ্যালয়ের আসন কমানো ,ভর্তি ফি বাড়ানো হচ্ছে, নতুন করে হল নির্মাণ না করে ক্ষমতাসীন দলের ছাত্রনেতারা সিট বাণিজ্য করে, গণরুম-গেস্টরুমে চালাই সীমাহীন নির্যাতন, নিপীড়ন।
নেতৃবৃন্দ বলেন, জাবিতে র্যাগিং নামে ছাত্র নির্যাতন, রাবিতে ছাত্র নির্যাতন,ইবিতে শিক্ষার্থীকে উলঙ্গ করে বর্বরভাবে নির্যাতন, চবিতে হল,প্রশাসনভবনে ত্রাস সৃষ্টি করে রেখেছে। এর প্রতিবাদী কন্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে। নদীর কথা বলতে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আবরার ফাহাদকে। বর্তমান সরকার ও প্রশাসক শিক্ষাঙ্গনের বিরোধী সংগঠনকে রুখতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে দমন, পীড়নসহ সন্ত্রাসের আখড়াতে পরিণত করেছে ।
নেতৃবৃন্দ বলেন , অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন দিতে হবে। প্রশাসককে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে উদ্যোগ নিতে হবে এবং দেশের সকল শিক্ষার্থীকে এ আন্দোলনে যুক্ত থাকার আহ্বান জানান।