ডেস্ক রিপোর্ট
১ মার্চ ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি: ডায়াবেটিক একটি দীর্ঘ মেয়াদী, অবক্ষয়ী ও ব্যয়বহুল রোগ, যা অনেক মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে এবং এ রোগ এখন পরিবার, রাষ্ট্র ও বিশ্বের জন্য চরম হুমকি হয়ে দাড়িঁয়েছে। জীবনব্যাপী এ রোগ একেবারে নির্মূল করা সম্ভব নয়। তবে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সম্পূর্ণ সুস্থ ও কর্মঠ থাকা সম্ভব। যাদের এখনো ডায়াবেটিস হয়নি, তারা একটু সচেতন হলেই এ রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করা সম্ভব। তাই ডায়াবেটিক রোগীদের মত সকল মানুষকেই এ রোগ সম্পর্কে এবং এ রোগের চিকিৎসা সম্পর্কে জানা, জীবনযাত্রার ত্রুটি সমূহ পরিহার করা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ জীবন নিশ্চিত করা উচিত। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় ডায়াবেটিস সচেতনতা দিবস যথাযোগ্য মর্যদায় পালনকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে সিলেট ডায়াবেটিক সমিতির সবাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এ কথা বলেন।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত নাথের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত কের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন।
স্বাগত বক্তব্যে সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ডায়াবেটিস দ্রুত বাড়ছে। এশীয় দেশগুলোতে এর প্রকোপ তুলনামুলকভাবে বেশী। অব্যাহত নগরায়নের ফলে পরিবর্তিত জীবন যাপন ও খাদ্যাভাসের কারনে এ ধরনের রোগের সংখ্যা বাড়ছেই। ভয়ানক আকারে বাড়ছে প্রি-ডায়াবেটিস এবং তা থেকে ডায়াবেটিসে রূপান্তর হচ্ছে। বিরাজমান এ অবস্থা সচেতনতার সাথেই মোকাবেলা করতে হবে।
সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমদ বক্তব্যে বলেন, মেদ-বহুল শিশু-কিশোর তরুনরাই এতে আক্রান্ত হচ্ছে বেশী। ফাস্টফুডসহ বিভিন্ন ধরনের ক্যালরি বহুল খাবার খাওয়ার কারনে তাদের ওজন যাতে মাত্রাতিরিক্ত না হয় সেদিকে অধিকতর খেয়াল রাখতে হবে। একই সাথে শিশুরা যাতে শ্রম বিমূখ না হয় এবং অপুষ্টিতে না ভোগে সেদিকেও বিশেষভাবে নজর দিতে এবং রাখতে হবে। উচ্চতা অনুযায়ী ওজন স্বাভাবিক মাত্রায় রেখে শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে। মোটকথা সামগ্রিক সচেতনতাই ডায়াবেটিক রোগকে নিয়ন্ত্রন করবেই। ধুমপান সহ সব ধরনের তামাক বর্জন করুন। কারন ধুমপান ও তামাক ডায়াবেটিসের ভয়াবহতা এবং জটিলতা অনেকগুন বাড়িয়ে দেয়। ডায়াবেটিস সম্পর্কে সচেতন না হলে এবং এ রোগ নিয়ন্ত্রন না করলে যে কোন ডায়াবেটিক রোগীর কিডনি, চোখ, হৃদপিন্ড, পা ইত্যাদি মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। বাংলাদেশে প্রায় এক কোটি লোক ডায়াবেটিসে আক্রান্ত। এ রোগ সম্পর্কে সচেতনতা এবং যথাযথ চিকিৎসার অভাবে অসংখ্য লোক অন্ধত্ব ও পঙ্গুত্ব বরণ করে অকালে মৃত্যুবরণ করছে। কাজেই ডায়াবেটিক নিয়ন্ত্রন ও প্রতিরোধ করতে সচেতনতার কোন বিকল্প নেই।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান, সদস্য- সাংবাদিক আফতাব চৌধুরী, শিবব্রত ভৌমিক চন্দন, বশিরুল হক প্রমূখ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী এবং ডায়াবেটিক সচেতনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং রোগী সাধারনের অংশগ্রহনের এক বর্নাঢ্য র্যালী সিলেট শহরের গুরুত্বপূর্ন শহর প্রদক্ষিন করে, সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১২ ঘটিকা পর্যন্ত সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।