ডেস্ক রিপোর্ট

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ

স্বৈরাচার প্রতিরোধ দিবসে চট্টগ্রামে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারী স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সকাল ১১টায় চট্টগ্রাম অস্থায়ী শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। সভা পরিচালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া।

বক্তারা বলেন, জনগণের অতীত সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দিয়েই বর্তমান স্বৈরাচারী সরকার স্বস্তিতে থাকতে চায়। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি মজিদ খান কমিশনের যে বৈষম্যমূলক ও গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে শহীদ জয়নাল, আইয়ুব, মোজাম্মেল, দিপালী সাহা তাদের জীবন উৎসর্গ করেছিল, আজও গণতান্ত্রিক লেবাসে স্বৈরাচারী সরকার ভিন্ন মোড়কে একই ধরণের শিক্ষানীতিতেই শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। হেফাজতের সাথে হাত মিলিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প পাঠ্যপুস্তকে ঢোকানো হয়েছে। শিক্ষার ব্যয় ক্রমাগত বাড়ছে, কমছে বাজেটে বরাদ্দ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কায়েম হয়েছে চুড়ান্ত প্রশাসনিক স্বৈরতন্ত্র।

সর্বজনীন বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন সেক্যুলার শিক্ষার যে আন্দোলনের সূচনা সেদিন শুরু হয়েছিল, সেই লড়াই আজও অব্যাহত রয়েছে। সামরিক স্বৈরাচারের স্থলাভিষিক্ত হয়েছে বেসামরিক একদলীয় স্বৈরাচারী ব্যবস্থা। শাসকগোষ্ঠী শিক্ষার ওপর একের পর এক সাম্প্রদায়িক বাণিজ্যিক আক্রমণ নামিয়ে আনছে। তাই আজও ছাত্র সমাজকে তার ঐতিহাসিক দায় পালন করতে হবে। ভোগবাদী সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ের মিছিলে শামিল হতে হবে।

আলোচনা সভার শেষে চট্টগ্রাম জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং লাল সালাম দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন