ডেস্ক রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সোয়াদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা জেলায় এটিই প্রথম মৃত্যু। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোয়াদ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে এবং দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিপাহ ভাইরাসে এটাই পাবানায় প্রথম আক্রান্ত ও প্রথম মৃত্যুর ঘটনা পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
সোয়াদের বাবা মো. সানোয়ার হোসেন বলেন, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সোয়াদের নানা মো. রজব আলী তার নিজ হাতে লাগানো খেজুর গাছের রস নিয়ে মেয়ের বাড়িতে নিয়ে আসেন। সেই রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে সোয়াদ। প্রাথমিকভাবে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে কর্তব্যরত চিকিৎসক সোয়াদকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে পাবনায় নিপাহ ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। এটাই প্রথম আক্রান্ত ও প্রথম মৃত্যু। শিশুটি ঠিক কীভাবে কখন আক্রান্ত হলো আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।
এ নিয়ে চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে দুইজনের মৃত্যু হলো। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে এক নারীর মৃত্যু হয়েছিল।