ডেস্ক রিপোর্ট

৩ জানুয়ারি ২০২৩, ৮:০২ অপরাহ্ণ

ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে নুরের ছবি, কী বললেন নুর

আপডেট টাইম : জানুয়ারি ৩, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর একজন সদস্যের একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ছবি ঘিরে চলছে নানা আলোচনা। তবে এটি এডিট করা ছবি ও সংঘবদ্ধ চক্রের প্রোপাগান্ডা বলে দাবি করেছেন নুর ও তার দল গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে হোয়াটসঅ্যাপে সঙ্গে কথা হয় বর্তমানে বিদেশে অবস্থানরত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের।

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে নুর বলেন, ‘এটা একটা এডিট করা ছবি। আমি দেশের বাইরে এসেছি, এখানেও দলমত নির্বিশেষে মানুষের সতেজপূর্ণ গণজাগরণ দেখা যাচ্ছে। এটাকে নিয়ে সরকার ও তার দলের নেতাকর্মীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। বলা হচ্ছে আমরা মোসাদের সঙ্গে মিটিং করেছি।’

নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে ফ্যাসিবাদ, স্বৈরাচার পতনের আন্দোলন করছি। কোনো গোপন আঁতাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। এই ফ্যাসিবাদের পতন ঘটাতে চাই। এটা নতুন কিছু নয়, আমাদের উত্থানের শুরু থেকেই জামায়াত-শিবির, তারেক রহমান টাকা দিয়েছে, এই-সেই নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংঘবদ্ধ চক্রের প্রোপাগান্ডা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘটনার সংবাদের সোর্স হিসেবে যারা সংবাদ ছেপেছে, তারা আওয়ামী লীগের গুজব ও প্রোপাগান্ডার মেশিনদের পোস্ট থেকেই এই নিউজগুলো করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে, এটা সংঘবদ্ধ চক্রের প্রোপাগান্ডা। আমি খুব শিগগিরই দেশে এসে আরো স্পষ্ট বক্তব্য এবং প্রতিবাদ করব।’

ছবির বিষয়ে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘সুপার এডিটেড এই ছবি। এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে নুরের দেখা হয়নি। এটা নিয়ে নুরের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে তার দেখা বা কথা হয়নি। এটি সম্পূর্ণ ভুয়া ছবি। ছবিতে দেখা যাচ্ছে দুইজন দুই দিকে তাকিয়ে আছেন। তাছাড়া কেউ গোপন বৈঠক করলে তার ছবি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে?’

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে সরানোর জন্য একটি সংঘবদ্ধ গোষ্ঠী উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে এসব বিষয়ে গণঅধিকার পরিষদ মোটেও বিচলিত নয়। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে আরও বেগবান করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ কাজ করে যাবে।’

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে দেশ ছাড়েন নুরুল হক নুর। তখন তিনি ওমরাহ করার কথা বলে গিয়েছিলেন। তবে আরও কয়েকটি দেশে ঘুরে তিনি সৌদি আরবে পৌঁছান বলে জানা গেছে। সপ্তাহ খানেক পর তিনি দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নুরের সঙ্গে ছড়িয়ে পড়া ছবির ব্যক্তি মেন্দি এন সাফাদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য বলেও জানা গেছে। এর আগে ২০১৬ সালে ইসরায়েলি এক নেতার বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বৈঠক করা অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন তিনি কারাগারে আছেন।

শেয়ার করুন