ডেস্ক রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ৮:১৯ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি:: স্বৈরতন্ত্র, দূর্নীতি-লুটপাট বন্ধ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্টিত।
বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার ২৫ নভেম্বর বিকাল ৪টায় নগরীর জেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ থেকে চলমান দুঃশাসন, দূর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ কমরেড আল কাদেরী জয় এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মানবেন্দ্র দেব, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউদ্দিন কবির আবিদ, সিপিবি চট্টগ্রাম জেলার সদস্য কমরেড অশোক সাহা। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরে পুঁজিবাদী শোষণ, বৈষম্য আর দুঃশাসন জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। একদিকে জিডিপি আর মাথাপিছু আয়ের গল্প, উন্নয়নের নামে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, দেশ থেকে টাকা পাচার, বৈদেশিক ঋণ নিয়ে মেগা প্রকল্প, ব্যাংকের টাকা আত্মসাৎ অন্যদিকে শ্রমিক কৃষক, মধ্যবিত্তের দুর্দশা, দ্রব্যমুল্যের উরধগতি, শিক্ষা চিকিৎসার খরচ বৃদ্ধি, নারীর নিরাপত্তাহীনতা সমান তালেই বাড়ছে। কখনও করোনার অজুহাত, কখনও রুশ-ইউক্রেন যুদ্ধের কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের ব্যবসায়ী তোষণ নীতি ও দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে।
সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত এবং চাল, ডাল, সয়াবিন তেলসহ দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম, বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে জনজীবন আজ দিশেহারা। বেআইনিভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের বেঁচে থাকাই আজ কঠিন হয়ে পড়েছে। তেলের দাম বাড়ানোর সাথে সাথে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে পরিবহণ ভাড়া এবং পাল্লা দিয়ে বাড়ছে সমস্ত জিনিসের দাম। নতুন করে পায়তারা চলছে বিদ্যুতের মূল্যবৃদ্ধির। রেন্টাল কুইক, রেন্টাল বিদ্যুতের নামে দুর্নীতি ও লুটপাটের অবাধ ক্ষেত্র তৈরি করা হয়েছে। এভাবে একের এক লুটপাট ও দুর্নীতির মেগা প্রজেক্ট চালিয়ে তার বোঝা এখন দূর্ভিক্ষ-রিজার্ভ সংকটের নাম দিয়ে চাপিয়ে দেয়া হচ্ছে জনগণের উপর।
একদিকে চলছে এই অর্থনৈতিক লুটপাট অন্যদিকে রাজনীতিতে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে সরকার। গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার সব আজ কেড়ে নেয়া হচ্ছে। কখনো বিনা ভোটে, কখনো রাত্রিকালীন ভোটে নির্বাচনী ব্যবস্থাকে আস্থাহীন করে ফেলা হয়েছে। ফলে আজ এই দুঃশাসন ও গণবিরোধী সরকার সাধারণ জনগণের ভাত ও ভোটের উভয়ের অধিকারই খর্ব করে চলেছে। আজ এই দুঃশাসনকে আটকানো না গেলে দেশ ও জনগণ আরো চরম সংকটে নিপতিত হবে।
বক্তারা, এই চলমান অপশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে বাম গণতান্ত্রিক জোটের লড়াইয়ের সাথে একাত্ম হওয়ার আহবান জানান।