ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ রূপান্তর ঘটেছে

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ রূপান্তর ঘটেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (৪ নভেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পারইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন। দেশের মানুষের জন্য তার ত্যাগ অতুলনীয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেন উল্লেখ করে তিনি বলেন, সেই স্বাধীনতাবিরোধীদের সংসদে নিয়ে গেছেন এবং মন্ত্রী বানিয়ে গাড়িতে লাল সবুজ পতাকা উড়াতে সাহায্য করেছেন খালেদা জিয়া। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারিনি।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশের অবস্থা কেমন ছিল আপনারা জানেন। আর এখন কেমন আছেন তার পার্থক্য করলে বুঝবেন শেখ হাসিনা আপনাদের জন্য কতটা উন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং সংখ্যা বাড়িয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের রূপান্তর শেখ হাসিনার হাত ধরে ঘটেছে। নাগরিক সব সেবা এখন হাতের মুঠোয় বলে উল্লেখ করেন তিনি বলেন, শেখ হাসিনা দরিদ্র অসহায়দের জন্য বাড়ি করে দিচ্ছেন। এ দেশে গৃহহীন কোনো মানুষ থাকবে না। মুক্তিযোদ্ধাদেরও বাড়ি করে দিচ্ছে সরকার।

বিএনপি কোন কাজটি জনগণের জন্য করেছে প্রশ্ন রেখে সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি মানেই লুটপাট করে খাওয়া। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আছে বিএনপি। এসময় নেতা কর্মীদের বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

করোনাকালের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো মানুষ খাদ্যাভাবেও মারা যায়নি। করোনাকালে ৩৩৩’ এ ফোন করে অনেকেই খাদ্য সহায়তা পেয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

পারইল মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সৈয়দ মুজিব।

শেয়ার করুন