ডেস্ক রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাউল সাধক ও সমাজ সংস্কারক লালন শাহ’র ১৩২তম মৃতুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী আয়োজন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র, চট্টগ্রাম জেলা।
আজ ১৭ অক্টোবর বিকাল ৪টায় চট্টগ্রামের নিউমার্কেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য আকরাম হোসেন, রায়হান উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
সভায় নেতৃবৃন্দ বলেন, লালন শাহ সাম্প্রদায়িকতা, সামজিক বিভেদ ও সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে এক শক্তিশালী আওয়াজের নাম। লালন শাহ তার গানের মাধ্যমে সমাজে প্রচলিত ধর্ম ও জাত-পাতের নামে বিভেদের বিরুদ্ধে কথা বলেছেন, মানুষকে আহবান জানিয়েছেন মনুষত্ব নিয়ে এসকল কূপমন্ডুকতার বিরুদ্ধে দাঁড়াতে। লালন কথা বলেছেন সমাজের অবহেলিত মানুষের স্বার্থে। পাশাপাশি তিনি দেখিয়েছেন সমাজের দর্পন বলা হয় যেই শিল্পকে, সেই শিল্পের সাথে সংশ্লিষ্ট মানুষদেরকেই সমাজের বিভিন্ন সংকটে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হয়- সবচেয়ে দায়িত্বশীল মানুষ হতে হয় শিল্পীদের। লালনের মূল্যবোধসম্পন্ন সাম্যমনা সোনার মানুষের সমাজ তৈরির যেই চিন্তা তা আজও পূরণ হয়নি, তাই আমাদের আজকের লড়াইয়ে লালন এখনো সমান প্রাসঙ্গিক।
নেতৃবৃন্দ, লালনের জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে আজকের সামাজিক সংকটের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।