ডেস্ক রিপোর্ট

২ অক্টোবর ২০২২, ৮:৪০ অপরাহ্ণ

নোবেল পুরস্কারের ঘোষণা শুরু সোমবার

আপডেট টাইম : অক্টোবর ২, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: অক্টোবরের শুরু মানেই নোবেল পুরস্কারের মৌসুম। সোমবার থেকে নতুন বিজয়ীদের নাম ঘোষণা শুরু হবে; যা চলবে ছয় দিন। পুরো বিশ্ব থেকে ছয় বিষয়ের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজ্ঞানী, লেখক, অর্থনীতিবিদ এবং মানবাধিকার নেতাদের মধ্য থেকে এবারে বিশ্বের সবচেয়ে অভিজাত এই পুরস্কারের তালিকায় নতুন কিছু মুখ যুক্ত হতে পারে।

সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কার মৌসুমের সূচনা হবে। এরপরই মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। চলতি বছরের নোবেল শান্তি ‍পুরস্কার আগামী শুক্রবার (৭ অক্টোবর) এবং ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের পর্দা নামবে।

নোবেল কমিটি বলেছে, চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৪৩ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এর আগে, যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস (২০০৬), ভারতের কৈলাশ সত্যার্থী ও পাকিস্তানের মালালা ইউসুফজাই (২০১৪), মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (২০০৯), নেলসন ম্যান্ডেলা ও এফডব্লিউ ডি ক্লার্ক (১৯৯৩), চতুর্দশ দালাই লামা তেনজিন গ্যাৎসো (১৯৮৯) এবং মাদার তেরেসা (১৯৭৯)।

শেয়ার করুন