ডেস্ক রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী আজ এক যুক্ত বিবৃতিতে গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার গৃহবধূ মোর্শেদা আক্তার সাথীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গৃহবধূ মোর্শেদা আক্তার সাথীকে দীর্ঘদিন ধরে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে আসছিল। এ বিষয়ে তিনি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন যার নম্বর ৩৩৯/২২। এই মামলা করায় ক্ষুব্ধ হয়ে গত ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় মোর্শেদা আক্তারকে তার ননদ লুনাসহ ৩ জন মিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই নৃশংস অগ্নিকান্ডে মোর্শেদার মুখমণ্ডল, বুক, পেট, শ্বাসনালীসহ শরীরের ৩০% অংশ পুড়ে যায়। পরে আসামীরা মোর্শেদাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ফেলে রেখে চলে আসে। উন্নত চিকিৎসার জন্য মোর্শেদাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে রেফার করা হয়। বর্তমানে তিনি শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়াই করছেন।
নেতৃবৃন্দ বলেন, মোর্শেদা আক্তার অত্যন্ত দরিদ্র ছিলেন। তারপরও তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। বিভিন্ন সময় তিনি মহিলা ফোরামের বিভিন্ন নারী নির্যাতনবিরোধী কর্মসূচিতে অংশ নিতেন। আদালতে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে মামলা করায় এত বড় নৃশংস হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। ২৩ সেপ্টেম্বর এই ঘটনা ঘটলেও আজ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ন্যূনতম পদক্ষেপ নেয়া হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।
নেতৃবৃন্দ মোর্শেদা আক্তারের উপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।