ডেস্ক রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার ৯০তম আত্মাহুতি দিবসে পাহাড়তলী প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা। পুষ্পস্তবক অর্পণের পর একটি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য রায়হান উদ্দিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহবায়ক হেলাল উদ্দিন কবির, সদস্য নুরুলহুদা নিপু, নাজিম উদ্দিন বাপ্পী, রেশমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি মিরাজ উদ্দিন ও শিক্ষক শফিউল আলম।
সমাবেশে বক্তারা বলেন, আজ বীরকন্যা প্রীতিলতার ৯০তম আত্মহুতি দিবসে আমরা তাঁকে স্মরণ করতে এসেছি। আজ থেকে ৯০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রীতিলতা আত্মাহুতি দেন। ভারতবর্ষের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্রিটিশদের কুটকৌশল পরিচালনার কেন্দ্রস্থল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব পালন কালে সফল আক্রমণ শেষে ফেরার পথে বীরকন্য প্রীতিলতা আত্মাহুতি দেন। দেশমাতার প্রতি তাঁর এই গভীর আত্মত্যাগ আমরা যেমন স্মরণ করতে চাই শ্রদ্ধাভরে, তেমনি তাঁর এই লড়াই থেকে আমরা প্রেরণাও নিতে চাই।
প্রীতিলতার সামনে সেদিন স্বপ্ন ছিলো একটি স্বাধীন, সকলের অধিকার নিশ্চিত একটি ভূখন্ডের। কিন্তু আজকের বাংলাদেশে এসে ব্রিটিশ শাসন না থাকলেও দেশীয় শাসকরাই আজ একই চরিত্র নিয়ে জনগণের উপর চালাচ্ছে দুঃশাসন। জনগণের সকল অধিকারকে ক্ষুন্ন করে গড়ে তুলেছে, দূর্নীতি-লুটপাটের স্বর্গরাজ্য। আজ তাই একই প্রেরণা ও সাহস নিয়ে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে।
আজ বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে একইভাবে পটিয়া উপজেলা বাসদের পক্ষ থেকে প্রীতিলতার জন্মভূমি ধলঘাটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, বাসদ পটিয়া উপজেলার সদস্য সম ইউনুস, সেলিম উদ্দিন, মবিনুল হক সাব্বির।