ডেস্ক রিপোর্ট
৬ সেপ্টেম্বর ২০২২, ৪:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এমদাদুল হক (৬৫) নামে এক ব্যক্তি। এ পর্যন্ত যত দিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেছেন তার হিসাব করে বকেয়া পরিশোধ করেছেন তিনি। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে ২ হাজার ৫৩০ টাকা বকেয়া ভাড়া তিনি পরিশোধ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের শামসুল হকের ছেলে এমদাদুল হক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ২০২১ সালের ডিসেম্বরে তিনি অবসরে যান। এমদাদুল পরিবার নিয়ে বসবাস করছেন জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে।
এমদাদুল হকের বড় ছেলে ইমরান বলেন, ‘চাকরিজীবনের শেষ দিকে বাবা দুদকের হেডকোয়ার্টারে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে তিনি ঢাকা যাতায়াত করেছেন। তখন বিভিন্ন কারণে অনেক সময় টিকিট না কেটে আসা-যাওয়া করেছেন। কিন্তু জীবনে কতবার তিনি ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করেছেন, সে হিসাব রেখেছেন। হিসাব অনুযায়ী স্টেশনে গিয়ে ট্রেনের বকেয়া ভাড়া পরিশোধ করেছেন।’
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী কবির হোসেন তালুকদার বলেন, ‘এমদাদুল হককে ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতীর ২ হাজার ৫৩০ টাকা সমমূল্যের আসনবিহীন টিকিট ইস্যু করে দেওয়া হয়েছে। পরে ওনাকে অফিসে আপ্যায়ন করা হয় এবং ধন্যবাদ দেওয়া হয়। তিনি নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে গেলেন যে রেলে বিনা টিকিটে ভ্রমণ করা অন্যায়। তিনি সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।’
এ বিষয়ে এমদাদুল হক বলেন, ‘আমি যত পুণ্যই করি না কেন, এই দেনার দায় তো কোনো পুণ্য দিয়ে শোধ করার উপায় নেই। তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম। জানি না তাতে আমার দায়মুক্তি হবে কি না। তবে অন্তত মানসিক প্রশান্তি পাব।’