ডেস্ক রিপোর্ট
১ সেপ্টেম্বর ২০২২, ১:৫৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির কাউন্সিলের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অবৈধ, অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থি।
বুধবার (৩১ আগস্ট) রাতে দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে বুধবার বিকালে রওশন এরশাদ আগামী ২৬ নভেম্বর দলের কাউন্সিল ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন ও কাউন্সিল ঘোষণার কোনও এখতিয়ার নেই প্রধান পৃষ্ঠপোষকের। কাউন্সিলে গঠিত একটি বৈধ কমিটি ভেঙে দেওয়ার কোনও ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান ছাড়া আর কারও নেই। গঠনতন্ত্র অনুযায়ী শুধু জাতীয় পার্টি চেয়ারম্যান আহ্বায়ক কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল আহ্বান করতে পারেন।
এতে আরও বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ১২, উপধারা ১/২ অনুযায়ী কাউন্সিলের তারিখ, স্থান ও সময় প্রেসিডিয়াম কর্তৃক নির্ধারিত হবে। তাছাড়া, জাতীয় পার্টির চেয়ারম্যান, যিনি প্রেসিডিয়ামের সভাপতি কর্তৃক কাউন্সিল অনুষ্ঠানের অনুমোদন প্রয়োজন হবে। এর বাইরে কারও কাউন্সিল আহ্বানের এখতিয়ার নেই।
জালালী জানান, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আহ্বায়ক কমিটি গঠন ও জাতীয় পার্টির কাউন্সিল ঘোষণার বিষয়ে অবগত নন।