ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ৯:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঐতিহাসিক নানকার বিদ্রোহের স্মরণে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট, ২০২২) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।
আলোক প্রজ্জ্বলন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা হাছান বখত চৌধুরী কাওছার, মাশরুখ জলিল, মাহিদ ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা নানকার বিদ্রোহের ৭৩ বছর উপলক্ষে বিদ্রোহী কৃষকগণের অপরিসীম সংগ্রামের কথা স্মরণ করেন। ব্রিটিশ আমলে সামন্তবাদী ব্যবস্থার সবচেয়ে নিকৃষ্ট শোষণ পদ্ধতি ছিল নানকার প্রথা। নানকার প্রজারা জমিদারের দেয়া বাড়ি ও সামান্য কৃষি জমি ভোগ করতেন, কিন্তু ওই জমি বা বাড়ির উপর তাদের মালিকানা ছিল না। তারা বিনা মজুরিতে জমিদার বাড়িতে বেগার খাটতো। চুন থেকে পান খসলেই তাদের উপর চলতো অমানুষিক নির্যাতন। নানকার আন্দোলনের সংগঠক কমরেড অজয় ভট্টচার্যের দেয়া তথ্যমতে, সে সময় বৃহত্তর সিলেটের ৩০ লাখ জনসংখ্যার ১০ ভাগ ছিল নানকার এবং নানকার প্রথা মূলত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ বৃহত্তর সিলেট জেলায় চালু ছিল। ১৯২২ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতির সহযোগিতায় বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, ধর্মপাশা থানায় নানকার আন্দোলন গড়ে ওঠে। ঐতিহাসিক নানকার বিদ্রোহের সুতিকাগার ছিল বিয়ানীবাজার উপজেলা। সামন্তবাদী শোষণ ব্যবস্থার বিরুদ্ধে বিয়ানীবাজার অঞ্চলের নানকার কৃষকরা সর্বপ্রথম বীরত্বপূর্ণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।