ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন বাসযাত্রী। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।